আজ থেকে শুরু হলো ইংরেজি বছর ২০২৪। দেশের জন্য অনেক চ্যালেঞ্জ নিয়েই এবার এসেছে নতুন বছরটি। নতুন বছরকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ নানা রকম শঙ্কার কথা শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। বিএনপি-জামায়াতসহ স্বাধীনতাবিরোধী একটি অংশ নির্বাচন বর্জন করে মেতেছে নতুন করে অগ্নিসন্ত্রাস, নাশকতার পথে। অতীতের মতো আবারও মানুষকে পুড়িয়ে হত্যা করতেও দ্বিধাবোধ করছে না তারা। এই অপশক্তির চোরাগোপ্তা হামলা ও নাশকতা মোকাবিলা করে আসন্ন নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে দেশী-বিদেশী নানা ষড়যন্ত্রকে আবারও পরাজিত করার নানা চ্যালেঞ্জ নিয়েই শুরু হলো নতুন আরও একটি বছর।
আবার সম্ভাবনাও রয়েছে ২০২৪-এ। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপিকে ছাড়াই যদি এই নির্বাচন শেষ পর্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয়, ভোটার উপস্থিতি যদি ভালো হয় তাহলে বাংলাদেশের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হবে। কারণ বাংলাদেশ হলো অফুরন্ত প্রাণশক্তির দেশ। এদেশের মানুষ কোনো রকম পরিস্থিতিতে মাথা নত করে। ৭ জানুয়ারির নির্বাচনে দেশের মানুষ স্বতঃস্ফূুর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ব্যালটের রায়ের মাধ্যমে সিদ্ধান্ত নেবে দেশ কোন পথে যাবে? আজকের বদলে যাওয়া বাংলাদেশ কী আবারও অন্ধকারের যুগে ধাবিত হবে, না কি লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা ও মহান মুুক্তিযুদ্ধের পক্ষশক্তিকে ব্যালটের মাধ্যমে বিজয়ী করে দেশ আরও এগিয়ে যাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথে? নতুন বছরে দেশের মানুষ এসব বিষয়ে নতুন করে শপথে বলীয়ান হবে। তবে নির্বাচন নিয়ে দেশের মানুষের কৌতূহল, শঙ্কা এবং আলোচনা এখনো তুঙ্গে। জনমনের প্রত্যাশা সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ এগিয়ে যাবে অপ্রতিরোধ্য অগ্রযাত্রার পথ ধরেই।
তবে নতুন বছরে সাধারণ শান্তিপ্রিয় মানুষের একটি প্রশ্ন থেকেই গেছে। আর তা হলো চ্যালেঞ্জিং নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকার নির্বাচন বানচালের নামে অগ্নিসন্ত্রাস, নাশকতাকারীদের কী দমন করতে পারবে? দুর্নীতি-সাম্প্রদায়িক-জঙ্গিবাদমুক্ত শান্তিময় দেশ উপহার দিতে পারবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে দেশবাসীকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে দেশী-বিদেশী ষড়যন্ত্র নব্য আধিপত্যবাদ মোকাবিলা করেও অব্যাহত রেখেছে উন্নয়নের অগ্রযাত্রা। বছর শেষে শঙ্কা কাটিয়ে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়ার মতো বার্তা দিয়েছে অর্থনীতি। রাজনৈতিক সংঘাত এড়ানো গেলে, সরকার স্থিতিশীল হলে, সমাজের অনৈক্য দূর করা গেলে আগামী বছর উন্নয়নশীল দেশের স্বপ্ন আরও গতি পাবে- এমনটাই সম্ভাবনার বাংলাদেশের স্বপ্ন দেখছে দেশের কোটি কোটি মানুষ এবং সমস্ত সংশয়কে ঝেড়ে ফেলে আশাবাদের জয় নতুন বছরের এমন প্রত্যাশা বাঙালির।